
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি একত্র হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিরোধী দল সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দেয়, বাইরে গিয়ে দেয় তার উল্টো বক্তব্য। জাতি এ ধরনের দ্বিচারিতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মীর হেলাল বলেন, যুবদল বিএনপি পরিবারের অন্যতম সুশৃঙ্খল সংগঠন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। গণতন্ত্র ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে দেশের গণতন্ত্র ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তাঁর বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনকে আরও শক্তিশালী করা, ঐক্য বজায় রাখা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর যুবদলের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথা তুলে ধরেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন সহনশীলতা, ঐক্য ও জনসেবাকে রাজনৈতিক চর্চার মূল ভিত্তি করার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।