
ঢাকা-কক্সবাজার রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে সোমবার (২৬ অক্টোবর) নতুন এ ট্রেনসেবা চালু করা হয়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।নতুন এ সার্ভিসের ফলে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়। প্রতিদিন অতিরিক্ত প্রায় দেড় হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার।
নতুন রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি থাকবে কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী, চট্টগ্রামসহ মোট ১২টি স্টেশনে। এর ফলে কুমিল্লা ও আশপাশের এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।নতুন এ রেলসেবা চালুর খবরে কুমিল্লার রেলযাত্রী ও ভ্রমণপিপাসুদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, নিয়মিত এ সেবা চালু থাকলে কক্সবাজার ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
তথ্যসূত্র: রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি।