
নিজস্ব প্রতিবেদক,চান্দিনা কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। জমির খাজনা পরিশোধ থেকে শুরু করে নামজারি (মিউটেশন) পর্যন্ত প্রায় প্রতিটি সেবাতেই ঘুষ ও দালাল নির্ভরতার অভিযোগে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত দালালের মাধ্যমে আবেদন না করলে নামজারির ফাইল নানা অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে। বিশেষ করে, ফাইলে দালালের ‘চুক্তির চিহ্ন’ না থাকলে আবেদন গ্রহণ বা অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী, অনলাইনে নামজারি আবেদন করার পর সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তা যাচাই করে সার্ভেয়ারের নিকট পাঠান। পরে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন জমা হলে কানুনগো যাচাই-বাছাই করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুনানির তারিখ নির্ধারণ করে অনুমোদন দেন। তবে বাস্তবে এই প্রক্রিয়া অনুসরণ না করে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নড়ছে না বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, অনেক ক্ষেত্রে অনলাইন আবেদন থাকা সত্ত্বেও আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্তভাবে হার্ড কপি চাওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা খোঁজ নেন আবেদনটি কোনো নির্দিষ্ট দালালের মাধ্যমে করা হয়েছে কি না। দালালবিহীন আবেদনকারীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এদিকে, দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, দেবিদ্বার বার্তার সাংবাদিক আব্দুল আলীম ও মানবজীবন পত্রিকার রাসেল সরকারকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে পুলিশ ডেকে এনে হাতকড়া পরান। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণের দাবি উঠেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।