
স্টাফ রিপোর্টার।।
২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম বহাল থাকবে।মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭-এর তথ্য অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হবে।নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরে। পরীক্ষার ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করা হবে।করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা চালু হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ভর্তি পরীক্ষা চালু হচ্ছে।তবে এ নীতিমালাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জারি হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা প্রকাশের আগে সেখানে একই নিয়ম কার্যকর হবে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।