
নিজস্ব প্রতিবেদক।।
সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াসের ওপর পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর পরপর দুইবার ছিনতাই ও শারীরিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিশেষ করে প্রথম ঘটনায় থানায় জিডি এবং পরবর্তী সময়ে মামলা করার পরও তাঁর নিরাপত্তা নিশ্চিত না হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।তিনি বলেন, ছিনতাইকারীদের ছুরির ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ।বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সাংবাদিক গাউস রহমান পিয়াসের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আগের ছিনতাইয়ের ঘটনারও যথাযথ তদন্ত করতে হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।