
বাহার রায়হান,নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল পাকিস্তান আমলে, ১৯৬৪ সালে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়। স্বাধীনতার পর নতুন অর্থায়নে পরিবর্তিত পরিকল্পনায় শুরু হয় নির্মাণকাজ। দীর্ঘ পথ পেরিয়ে ২০১৬ সালে চার লেনে উন্নীত হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ঢাকা থেকে চট্টগ্রাম। রাজধানী থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর। অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের ইতিহাস বেশ পুরোনো। এর আধুনিক মহাসড়ক নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল ষাটের দশকে, তৎকালীন পাকিস্তান সরকারের আমলে।বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ১৯৬৪ সালের ১১ জুন তৎকালীন পাকিস্তান সরকারকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের জন্য ২ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন দেয়। পরিকল্পনায় ছিল প্রায় ১৫০ মাইল দীর্ঘ দুই লেনের পাকা সড়ক নির্মাণ। এর মধ্যে ১৩৫ মাইল সড়ক নির্মাণ ও উন্নয়ন, নারায়ণগঞ্জের সঙ্গে সংযোগ সড়ক এবং শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।তবে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজ ব্যাহত হয়। ১৯৬৭ ও ১৯৭০ সালে পরিকল্পনায় পরিবর্তন আনা হলেও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে প্রকল্পের অর্থ ছাড় বন্ধ হয়ে যায়। ততদিনে অনুমোদিত ঋণের মাত্র ৩৬ লাখ ডলার ব্যয় হয়েছিল। স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার নতুন করে ২ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন পায়। পরিবর্তিত প্রকল্পের আওতায় শীতলক্ষ্যা সেতু, ফেনী সড়কের অংশবিশেষ এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কাজ শুরু হয়।পরবর্তী সময়ে ১৯৭৯ সালে কুমিল্লা ও চান্দিনা বাইপাস নির্মাণের জন্য আরও ১ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ বিলম্বের পর ১৯৮৭ সালে এসব বাইপাসের নির্মাণকাজ শেষ হয়।অর্থাৎ পাকিস্তান আমলে নেওয়া মূল পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত না হলেও স্বাধীনতার পর পরিবর্তিত ও পর্যায়ক্রমিক প্রকল্পের মাধ্যমে এর গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়িত হয়। চার লেনে উন্নীতকরণ….সময়ের সঙ্গে যানবাহনের সংখ্যা ও পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় দুই লেনের সড়কটি যানজটের অন্যতম কারণ হয়ে ওঠে। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ বিলম্ব ও কয়েক দফা সময় বাড়ানোর পর ২০১৬ সালের ২ জুলাই চার লেনের মহাসড়ক উদ্বোধন করা হয়। দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ১৯২ কিলোমিটার সড়কে নির্মাণ করা হয় ২৩টি সেতু, ২৪৩টি কালভার্ট এবং ১৪টি বাইপাস। এতে রাজধানী ও বন্দরনগরীর মধ্যে সড়ক যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়। পরিকল্পনা থেকে বাস্তবায়ন, কতটা সফল? প্রায় ছয় দশক আগে নেওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের পরিকল্পনা আজ বাস্তব রূপ পেয়েছে। তবে এটি একবারে বা মূল নকশা অনুযায়ী বাস্তবায়িত হয়নি। যুদ্ধ, অর্থায়ন, প্রশাসনিক জটিলতা ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কয়েক ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের আমদানি-রপ্তানি, শিল্প-বাণিজ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান যোগাযোগপথ। বিশেষ করে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই মহাসড়কের গুরুত্ব অপরিসীম।ইতিহাসের শিক্ষা হলো, একটি বড় অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়নে শুধু উদ্যোগ নয়, প্রয়োজন ধারাবাহিকতা, সঠিক পরিকল্পনা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ।