
নিজস্ব প্রতিবেদক।।
পৃথিবীর কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলার স্বর উঁচু করে নয়—এমন মন্তব্য করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।শুক্রবার (২১ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “আমরা প্রায়ই দেখি আমাদের গলার স্বর অনেক উঁচু, কিন্তু যুক্তি থাকে দুর্বল। বিতর্কের মূল বিষয় হলো গঠনমূলক যুক্তি উপস্থাপন করে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা।”তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ঘরে বসেই বিশ্বের নানা জ্ঞান অর্জন করা সম্ভব। বর্তমান প্রজন্ম তথ্য সংগ্রহ করে শক্তিশালী যুক্তি দাঁড় করানোর সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের প্রধান শক্তির জায়গা হলো তাদের চিন্তাশক্তি।তিনি আরও বলেন, বিতর্কে ছেলে-মেয়ের সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। যুক্তি যখন শক্তিশালী হয়, তখন কোনো আলাদা শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শানিত করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।বিতর্ক শুরু করার আগে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেই পরিবর্তন অবশ্যই ইতিবাচক চিন্তার মাধ্যমে হতে হবে।সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি প্রশিক্ষক দল উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি করে দলকে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ প্রদান করবে।