নিজস্ব প্রতিবেদক।।
মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে এদিন দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।এ সময় মিজান তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও তিনি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।ওসি সাইফুল ইসলাম জানান, মিজানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।