
স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাজার সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সমন্বয় করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন কমিটির সভাপতি। একই সঙ্গে শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, শেখ মো. রেজাউল ইসলাম এমপি, অধ্যাপক নজরুল ইসলাম এমপি, এম.এ. হান্নান এমপি, আলী আজম মো. আবু বকর এমপি এবং মো. আমির হামজা এমপি অংশ নেন।এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।