
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় যাত্রীবাহী তিশা প্লাটিনাম বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের আমজাদের বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে গুরুতর আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।মিঞাবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির হোসেন বলেন, “আমজাদের বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি সিএনজিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, “দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার বিবেচনায় ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।