
স্টাফ রিপোর্টার।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ‘নাগরিক অধিকার ফোরাম’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা মহানগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনে ও জনস্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সভাপতি ডাক্তার আব্দুল লতিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শাহজাদা এমরান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, অধ্যক্ষ শফিকুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল এবং অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও সিটিভি নিউজ-এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, ডাক্তার আরিফ মোর্শেদ খান এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রহমান এবং অধ্যাপক মো. শরিফুল আলম। বক্তারা তাদের বক্তব্যে কুমিল্লা মহানগরীর যানজট, ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিদ্যমান বিভিন্ন নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী ও বিএনপি নেতা জামিল আহমেদ খন্দকার। অনুষ্ঠানে শহরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।