
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে এক কলেজছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ভুক্তভোগীর বাবা।মামলার বাদী সুশীল বিশ্বাস জানান, তার মেয়ে শশী রানী বিশ্বাস (১৮) কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে সে রানীর বাজার রোডের বাসা থেকে কান্দিরপাড় মার্কেটে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।মেয়ের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাসায় যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে মেয়ের ব্যবহৃত মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭২০, তারিখ ১০ অক্টোবর ২০২৫) করেন।পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গেছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করছে।বাদীর আরও অভিযোগ, অভিযুক্ত সাইফুল ইসলাম তার মেয়েকে প্ররোচিত করে ঘর থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যেতে বাধ্য করেছে। এসব স্বর্ণালংকার তার জুয়েলারি দোকানের ক্রেতাদের আমানত হিসেবে বাসায় রাখা ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ টাকা।এদিকে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম পেশায় ফুড ডেলিভারি সার্ভিসে কাজ করত এবং তিনি বিবাহিত। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।প্রায় পাঁচ মাস ধরে মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। তিনি মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।