
তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সমর্থনে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে নেতাকর্মীরা সমবেত হন। মহানগরীর সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাছুম। তিনি বলেন, “এটা সর্বশেষ মিছিল নয়, আরও মিছিল হবে। যতক্ষণ না সমাজে ইনসাফ কায়েম হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমাদের জীবনই সংগ্রামের জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে।”তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে। সূর্য ওঠার আগেই ভোটকেন্দ্রে গিয়ে আমরা জবাব দেব, ইনশাআল্লাহ।”পরে বিকেল ৩টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারী ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন। ইউনিয়ন আমীর কাজী জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও নারী-পুরুষ মিলিয়ে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে জনসভা সম্পন্ন হয়।