
নরসিংদী প্রতিনিধি,ঢাকা।।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নরসিংদীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক এবং জেলা নির্বাচন অফিসার নরসিংদী মোহাম্মাদ শাহীন আকন্দ।কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা—প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন,
“অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।”
তিনি নির্বাচনী আইন ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি যেকোনো অনিয়ম প্রতিরোধে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ- আল-ফারুক বলেন,“নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।”এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ নির্বাচনী বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।