আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার গৌরীপুর, হোমনা আঞ্চলিক সড়কের তিতাস অংশের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার এলাকায় সড়কের অবস্থা বেশি নাজুক। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকায় অনেকটা হাঁটুপানিতে পরিণত হয়েছে সড়কটি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েকটি উপজেলার হাজারো মানুষ। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন স্কুল এবং কলেজ শিক্ষার্থী, যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা যায়, তিতাসের জিয়ারকান্দি থেকে দড়িকান্দি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছোট, বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কড়িকান্দি বাজারসংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে খারাপ। কোথাও কোথাও পিচ উঠে গেছে, আবার কোথাও বড় গর্তে পানি জমে আছে। পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না। ফলে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সরু ও ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে দুই দিকের যানবাহন একসঙ্গে চলাচল করতে না পারায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৪ সালে গৌরীপুর, তিতাস-হোমনা হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এই সড়ক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং কুমিল্লার মুরাদনগর, হোমনা, মেঘনা ও তিতাস, দাউদকান্দি উপজেলার মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প পথ হিসেবেও সড়কটি ব্যবহার করা হয়। বাঞ্ছারামপুরের কড়ইকান্দি ফেরিঘাট পার হয়ে ভুলতা দিয়ে ঢাকায় যাতায়াত করেন অনেক পরিবহন। হোমনা থেকে সংযোগ সড়কের মাধ্যমে এটি কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও যুক্ত হয়েছে। ফলে ছয়টি উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সড়কটির গুরুত্ব অপরিসীম। বৃষ্টির পানি সড়কে জমে থাকায়। এতে গর্তের পরিমাণ ও ভোগান্তি দিন দিন বাড়ছে। ট্রাকচালক সুমন মিয়া বলেন, এক ঘণ্টা ধরে পানিভর্তি গর্তে গাড়ি আটকে আছে। প্রায়ই এখানে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়।অটোরিক্সা ও সিএনজি চালক, মো. নাঈম ও আমির হোসেন বলেন, গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালানো যায় না। অনেক সময় গাড়ি আটকে যায়, যন্ত্রাংশও নষ্ট হয়। ভাড়া কিছুটা বাড়িয়ে চাইলে যাত্রীরা ক্ষুব্ধ হন।বাতাকান্দি বাজারের কয়েকজন ব্যবসায়ীরা জানান, আগে পণ্য পরিবহনে যে ট্রাকভাড়া দিতে হতো, এখন তার চেয়ে ২ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কথা শুনে অনেক পরিবহন আসতে চায় না। বাধ্য হয়ে বেশি ভাড়ায় পণ্য আনতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সড়কটি সংস্কার করা হলেও তিন বছর না পেরোতেই বিভিন্ন স্থানে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। তখন সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। নিম্নমানের কাজের কারণে সড়কটির অবস্থা আবারও বেহাল হয়ে পড়েছে বলে দাবি তাঁদের। এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কটির কাজের দরপত্র করা হয়েছে। অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে। এর মধ্যে স্থানীয়ভাবে সড়কের ভাঙা অংশগুলো মেরামতের চেষ্টা করা হবে।









