
বিশেষ প্রতিবেদন কুমিল্লার খবর।।
প্রাচীন বাংলার ইতিহাস, রাজবংশের শাসনব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা, অর্থনীতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ দলিল হলো তাম্রশাসন। তামার পাতের ওপর খোদাই করে লেখা এসব রাজকীয় দলিলে সংরক্ষিত রয়েছে প্রাচীন ও মধ্যযুগের নানা ঐতিহাসিক তথ্য। কুমিল্লার ময়নামতিতে আবিষ্কৃত চন্দ্র রাজবংশের তাম্রশাসনগুলো দক্ষিণ-পূর্ব বাংলার ইতিহাস অনুসন্ধানে বিশেষ গুরুত্ব বহন করে।তাম্রশাসন কী? তাম্রশাসন বা Copperplate Inscription হলো প্রাচীন ও মধ্যযুগে রাজাদের জারি করা লিখিত আদেশ, ভূমিদানপত্র ও রাজকীয় ফরমান। সংস্কৃত ‘শাসন’ শব্দের অর্থ আদেশ বা সনদ। তামার পাতের ওপর এসব দলিল খোদাই করা হতো, যাতে দীর্ঘদিন অক্ষত থাকে।তাম্রশাসনে সাধারণত ব্রাহ্মণ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ভূমিদান, জমির সীমানা, করমুক্তির শর্ত, রাজকীয় নির্দেশ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিবরণ থাকত। দলিলের সত্যতা নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে রাজকীয় সিলমোহর ব্যবহার করা হতো।ইতিহাস গবেষণায় এসব তাম্রশাসনের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে রাজবংশের বংশপরিচয়, শাসনকাল, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতি, ভূমি ব্যবস্থাপনা ও তৎকালীন সমাজ-সংস্কৃতি সম্পর্কে জানা যায়।
বাংলায় গুপ্ত, পাল ও সেন আমলে তাম্রশাসনের ব্যবহার বিশেষভাবে লক্ষ করা যায়।দক্ষিণ-পূর্ব বাংলায় চন্দ্র রাজবংশের ইতিহাস…..দক্ষিণ-পূর্ব বাংলার ইতিহাসে চন্দ্র রাজবংশ ছিল একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শাসকগোষ্ঠী। ময়নামতিতে আবিষ্কৃত তিনটি তাম্রশাসন চন্দ্র রাজবংশের শাসন, বংশপরিচয় ও সমতট অঞ্চলে তাদের রাজনৈতিক প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।এর মধ্যে দুটি তাম্রশাসন শ্রী লড়হচন্দ্রের শাসনামলের। বিক্রমপুর থেকে জারি করা এসব দলিলে সমতট অঞ্চলে শ্রী লড়হ মাধবের নামে ভূমিদানের বিবরণ রয়েছে।তাম্রশাসনের কাব্যিক অংশে ত্রৈলোক্যচন্দ্র থেকে লড়হচন্দ্র পর্যন্ত রাজবংশের বংশপরিচয় তুলে ধরা হয়েছে। অন্যদিকে গদ্য অংশে কল্যাণচন্দ্র ও লড়হচন্দ্রের রাজকীয় উপাধি যেমন পরমেশ্বর, পরমভট্টারক ও মহারাজাধিরাজের উল্লেখ পাওয়া যায়।গোবিন্দচন্দ্রের তাম্রশাসন……চন্দ্র রাজবংশের শাসক লড়হচন্দ্রের পুত্র ও উত্তরসূরি শ্রী গোবিন্দচন্দ্রও বিক্রমপুর থেকে একটি তাম্রশাসন জারি করেন। এতে সমতট অঞ্চলে নর্তেশ্বর ভট্টারকের নামে ভূমিদানের তথ্য রয়েছে। পাশাপাশি শ্রীচন্দ্র থেকে শুরু হওয়া রাজবংশের বংশপরিচয়ও উল্লেখ করা হয়েছে। ঢাকা থেকে সম্প্রতি আবিষ্কৃত কল্যাণচন্দ্রের তাম্রশাসনসহ ময়নামতির এসব নিদর্শন চন্দ্র রাজবংশের সম্ভাব্য বংশতালিকা পুনর্গঠনে সহায়তা করেছে।ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সম্ভাব্য বংশধারায় রয়েছেন পূর্ণচন্দ্র, সুবর্ণচন্দ্র, ত্রৈলোক্যচন্দ্র, শ্রীচন্দ্র, কল্যাণচন্দ্র, লড়হচন্দ্র ও গোবিন্দচন্দ্র।সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব….ময়নামতিতে আবিষ্কৃত তাম্রশাসনগুলো শুধু ভূমিদানের দলিল নয়, বরং চন্দ্র রাজাদের সামরিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ক্ষমতারও গুরুত্বপূর্ণ প্রমাণ।এসব শিলালিপি ও তাম্রশাসনের বিবরণে ত্রৈলোক্যচন্দ্র, শ্রীচন্দ্র ও কল্যাণচন্দ্রের সামরিক অভিযানের তথ্য পাওয়া যায়। দলিলগুলোতে গৌড়ের পালরাজাকে পরাজিত করার দাবিও উল্লেখ রয়েছে।ঐতিহাসিক বিশ্লেষণে ধারণা করা হয়, আনুমানিক ৯০০ থেকে ১০৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত দক্ষিণ-পূর্ব বাংলার বিস্তীর্ণ অঞ্চলে চন্দ্র রাজবংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল।দ্বাদশ-ত্রয়োদশ শতকের আরেক তাম্রশাসন…..ময়নামতিতে পাওয়া চতুর্থ তাম্রশাসনটি অপেক্ষাকৃত পরবর্তী সময়ের। এটি শ্রী বীরধরদেবের শাসনামলের ১৫তম বছরে জারি করা হয়েছিল। তিনি ছিলেন একজন বৈষ্ণব ধর্মাবলম্বী হিন্দু সামন্ত শাসক।এ তাম্রশাসনে শ্রী বাসুদেব বা লড়হ মাধবের নামে ভূমিদানের তথ্য রয়েছে। এর লিপির ধরন ও অক্ষরবিন্যাস বিশ্লেষণ করে ঐতিহাসিকরা এটিকে দ্বাদশ অথবা ত্রয়োদশ শতকের নিদর্শন বলে ধারণা করেন।ইতিহাসের নীরব সাক্ষী ময়নামতি…….ময়নামতিতে আবিষ্কৃত এসব তাম্রশাসন দক্ষিণ-পূর্ব বাংলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে প্রাচীন সমতট জনপদ, চন্দ্র রাজবংশের শাসনব্যবস্থা এবং বিক্রমপুরের সঙ্গে এ অঞ্চলের রাজনৈতিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে এসব দলিলের গুরুত্ব রয়েছে। তামার পাতায় খোদাই করা কয়েকটি রাজকীয় আদেশ আজ ইতিহাসের মূল্যবান দলিল। এগুলোর যথাযথ সংরক্ষণ, পাঠোদ্ধার ও গবেষণার মাধ্যমে কুমিল্লা তথা বাংলাদেশের প্রাচীন ইতিহাসের আরও অনেক অজানা অধ্যায় উন্মোচিত হতে পারে।