নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুই হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে ৪ অক্টোবরও তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়।গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়ির চালকের আসন থেকে বেরিয়ে আসা এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে প্রাথমিকভাবে দায়ের করা মামলায় গাড়িচালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।পরে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা দুর্ঘটনার সঙ্গে কিশোরটির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পান। এরপর ২৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাঁকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।কিশোরের আইনজীবীরা জামিন আবেদনে উল্লেখ করেন, দুর্ঘটনার পর দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও আবেদনে দাবি করা হয়।তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন, সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার পর কিশোরটিকে গাড়ির চালকের আসন থেকে বের হতে দেখা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আটক রাখার আবেদনও করেছিলেন তদন্ত কর্মকর্তা।বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।









