
নিজস্ব প্রতিবেদক।।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক; সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। গত শনিবার (১৭ অক্টোবর) সংঘটিত ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযানের সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পদত্যাগ নিয়ে আলোচনা;এর আগে রোববার (১৮ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে শুরুতে ইশরাক হোসেন এ-সংক্রান্ত খবরকে গুজব বলে দাবি করেছিলেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা; পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ইশরাক হোসেন জানান, মন্ত্রিসভার সদস্য হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে তিনি মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ চালিয়ে যেতে চান। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনার পরবর্তী রাজনৈতিক প্রভাব এবং মাদকবিরোধী কার্যক্রমে তাঁর ভূমিকা কী হবে, তা এখন দেখার বিষয়।