
আশিকুর রহমান রাসেল,চান্দিনা প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে চান্দিনা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ফার্মেসি পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা।জানা যায়, দুই দিন আগে চান্দিনা বাজারের দত্ত মেডিকেল ফার্মেসি থেকে এক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এ ঘটনার পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ফার্মেসিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হয়। এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।