
মুরাদনগর প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় মাওলা সরকার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার ওই গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচন ও সেচ স্কিম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
এর জেরে আগেও একাধিক হামলার ঘটনা ঘটে এবং কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম সরকার জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ৮-১০ জনের একটি দল অতর্কিতভাবে মাওলা সরকারের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ