
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর (খননযন্ত্র) পাওয়া যায়।তবে তাৎক্ষণিকভাবে নিয়ে আসার সুযোগ না থাকায় সেটি জব্দ করা সম্ভব হয়নি। এ সময় অভিযুক্ত বিজয় চন্দ্র পাল সুজন (৩০), পিতা- নিরঞ্জন চন্দ্র পাল, গ্রাম- দক্ষিণ বিজয়পুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে কৃষিজমির মাটি কাটাসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।