
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করা, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর আয়োজন করা হয়।
এক্সপোতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এর আগে সোলার সিস্টেম নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।
পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং সোলার সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।