
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত বিষয় যাচাইয়ে সাতটি ভবনে অভিযান ও পরিদর্শন করেছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। অভিযানে তিনটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রানির বাজার রোডে নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টের মোজাফফর ট্রেড সেন্টার, একই ঠিকানার ক্রিস্টাল প্লেস এবং ঠাকুরপাড়া রোডের নিখিল চন্দ্র নন্দী রিয়েল এস্টেট—এই তিনটি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে ভবন তিনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া অভিযানে আরও চারটি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনের ক্ষেত্রে ফাইলিংয়ের আগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নকশা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।অন্যদিকে, কর্ণফুলী হাউজিং এলাকার তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও প্রয়োজনীয় নকশা ও কাগজপত্র নিয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়গুলো দেখানোর জন্য বলা হয়েছে।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কর্তৃপক্ষের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।