
দেলোয়ার বি,এসসি, ক্রাইম রিপোর্টার।।
কুমিল্লা শহরের শাসনগাছা বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ৮৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘন এবং ১৫(১) এর ক্রমিক ৪-এর অপরাধে দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৪৭ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন। অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করার পাশাপাশি পানি দূষিত করে। এছাড়া ড্রেন, খাল-বিল ও নালা-নর্দমায় পলিথিন জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করায় জলাবদ্ধতা তৈরি হয় এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে।তাদের মতে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত ও সাঁড়াশি অভিযান পরিচালনা এখন সময়ের দাবি।এবং আমরা একসাথে আওয়াজ তুলি :পলিথিন বর্জন করি,পরিবেশ রক্ষা করিপরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর।