
স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ জনকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে কোতয়ালী মডেল থানাধীন ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাপুর এলাকার বাখরাবাদ গাউছিয়া ম্যানশনের বিসমিল্লাহ মেডিক্যাল হল সংলগ্ন এলাকা থেকে মো. মেহেদী হাসান ওরফে হাছান (৩৬)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক সেবন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে থানার বিভিন্ন এলাকা থেকে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে প্রত্যেককে ৫ দিন সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, থানা এলাকায় পৃথক অভিযানে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ছিনতাইসহ অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এ ধরনের কার্যক্রমে বিভিন্ন মহলের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।