
স্টাফ রিপোর্টার,লালমাই কুমিল্লা।।
কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সাথী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
নিখোঁজ সাথী আক্তার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই (মুন্সি বাড়ী) এলাকার প্রবাসী জসিম উদ্দিনের কন্যা। তিনি স্থানীয় বাগমারা আল ইসরা বালিকা মাদ্রাসা–এর নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে সাথী আক্তার পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। সে তার মাকে জানায়, পরীক্ষার কারণে রাতে মাদ্রাসার হোস্টেলে অবস্থান করবে এবং পরদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরবে।
কিন্তু পরদিন ০৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাদ্রাসায় যোগাযোগ করলে শিক্ষকরা জানান, ০৬ ডিসেম্বর বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে বাড়িতে যাওয়ার কথা বলে সাথী মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনায় সাথীর মা নুরুন্নাহার বেগম লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও মেয়ের সন্ধান না পাওয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন। তিন মাস পেরিয়ে গেলেও সাথী আক্তারের কোনো সন্ধান না মেলায় পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে লালমাই থানা–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ সাথী আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা মুঠোফোন নম্বর ০১৮৫৬-৬৭১৩১৭–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।