
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। উদ্ধার হওয়া রশিদ যাচাই করে জানা যায়, তারা ট্রাকপ্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনাপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়িপ্রতি ১ হাজার টাকা এবং অটোরিকশাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছিল।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।