
স্টাফ রিপোর্টার।।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকা থেকে ২০ দশমিক ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন ওরফে কানা আলমগীর (৪০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার একবালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাব জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ২০.৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে।র্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, এটি তাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।র্যাব-১১ এর সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি পর্যন্ত র্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় ২৩০ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯২ জন ধর্ষণ মামলার আসামি, ২৮ জন অস্ত্র মামলার আসামি, ৪৪৪ জন মাদক কারবারিসহ মোট প্রায় ৫২৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০৬টি অস্ত্র, ১,৩৫১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এবং উদ্ধার করা হয়েছে ৮৩ জন ভিকটিম।গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র্যাব সূত্রে জানানো হয়।