কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। এর মধ্য দিয়ে মানুষ নিজের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসা প্রকাশ করে। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও সুস্বাদু খাবার নিশ্চিত করতে হবে। স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিম দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরির চর্চা বাড়ানো প্রয়োজন।প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম, তৃতীয় ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয়কে ৩০ হাজার, তৃতীয়কে ২০ হাজার, চতুর্থকে ১৫ হাজার এবং পঞ্চমকে ১০ হাজার টাকা ও সম্মাননা সনদ দেওয়া হয়।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে খাদ্য, পুষ্টি ও রান্নার সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি দেশের খাদ্যসংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679