নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর বড় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন আয়োজকরা। এ সময় খাবার পেয়ে রোগী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে আনন্দের হাসি দেখা যায়।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679