নিজস্ব প্রতিবেদক।।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৩ নভেম্বর তাকে এসআরবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। চাকরিজীবনের শুরুতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। এরপর দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দায়িত্বশীল পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এসআরবির পক্ষ থেকে তার সম্মানে স্বাগত দরবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ফারুক আহমেদ জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ ও অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679