বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এক সিএনজি অটোরিকশাচালককে ভয়ভীতি দেখানো ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬, বুধবার দুপুর আড়াইটার দিকে বুড়িচং থানার আমতলী রাস্তার মাথায় বাগড়া থেকে কুমিল্লাগামী পাকা সড়কে এ ঘটনা ঘটে।ঘটনার শিকার সিএনজি অটোরিকশাচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে তিন ব্যক্তি তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। এ সময় তাঁদের একজন চালককে গাড়ি থেকে নামতে বলেন এবং অন্য দুজন তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।চালকের সন্দেহ হলে তিনি তাঁদের পরিচয়পত্র দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা তাঁকে গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাঁর সিএনজি অটোরিকশাটি আটকে রাখা হয়।পরে চালক তাৎক্ষণিকভাবে বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হেফাজতে নেয়।আটক ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং মো. এনামুল হাসান (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই বুড়িচং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কথা জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679