কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে তিতাস থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মোহাম্মদ আইয়ুব (৩৩), ইউসুফপুর গ্রামের তারেক ফরাজি (৩২), তুলাকান্দি গ্রামের মোহাম্মদ বাবু (৩০), মনাইরকান্দি গ্রামের শাওন (৩০), একই গ্রামের আশিক (২৫), গাজীপুর গ্রামের রাশেদ ফরাজি এবং তাড়িয়াকান্দি গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ রাকিবুল (প্রকাশ বুলেট)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আইয়ুবের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার মাদকসংক্রান্ত কিছু ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় মারামারি, চুরি-রাহাজানি এবং কয়েক মাস আগে এক সংখ্যালঘু ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, উপজেলার বিভিন্ন গ্রামে মাদকসেবনকালে ছয়জনকে এবং ওয়ারেন্টভুক্ত অপর এক আসামিকে আটক করা হয়েছে। পরে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679