নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসার হত্যা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বড় ভাই মো. কবির হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামি তৌহিদুল ইসলাম ও তানজির আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। একই দিন কুমিল্লা সদর কোর্টের বিচারক ফরহাদ রায়হান ভূঁইয়া দুই আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের ছত্রখিল এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে পুলিশ ফাঁড়ির পূর্ব পাশে রাস্তার ওপর আবু কাউসার ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পথরোধ করে হামলা চালানো হয়।
এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবু কাউসারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, তৌহিদুল ইসলাম (৩৫), পিতা খোরশেদ আলম ওরফে মো. হাবিব, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা।
তানজির আলম (৪৮), পিতা খোরশেদ আলম ওরফে মো. হাবিব, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা। খোরশেদ আলম ওরফে মো. হাবিব (৭০), পিতা মৃত মো. হাফিজ মিয়া, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা। সাইফুল ইসলাম সুমন (৪০), পিতা মো. সেলিম আজাদ, গ্রাম ডুমুরিয়া চাঁনপুর, কুমিল্লা। ফরহাদ হোসেন (২৮), পিতা মাজু মিয়া, মাতা দেলোয়ারা বেগম, গ্রাম শ্রীপুর (মাঝিগাছা), কুমিল্লা।মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪, ১০৯ ও ৫০৬ ধারার উল্লেখ রয়েছে।আদালতের রিমান্ড আদেশের পর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের ভূমিকা, অন্য অভিযুক্তদের সংশ্লিষ্টতা এবং ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ পাবে তদন্তকারী সংস্থা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679