নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরে আবু কাউসার (৪৩) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মাসুম নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তৌহিদ নামে এক ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি কুমিল্লা নগরের ৪ নং ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তাঁদের বাড়ি নগরীর একই ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায়।পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বন্ধুর কেনা জমি দেখতে শুক্রবার সকালে গোমতী নদীর পাড়ে গিয়েছিলেন কাউসার। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।স্থানীয় ব্যক্তিরা জানান, কাউসার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাঁদের পরিবারের প্রভাব রয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।নিহতের বড় ভাই কবির হোসেন জানান, কাউসারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে তাঁর ময়নাতদন্ত করা হচ্ছে। নন্দিরবাজার এলাকার তৌহিদ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তিনি। ব্যবসায়িক কাজে তৌহিদের সঙ্গে কাউসারের বিরোধ ছিল বলেও জানান কবির হোসেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নিহত ব্যক্তির মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহজনকের বাড়িতে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679