
এবি এম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাষ্টারের বাড়ির পুকুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া, যার বয়স ৯ বছর এবং ছোট মেয়ে সানিয়া, যার বয়স ৭ বছর। নিহতদের স্বজন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া ঘটনার বিবরণ দিয়ে জানান, সামিয়া এবং সানিয়া দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে হঠাৎ পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যায়। বোনকে বাঁচাতে বড় বোন সামিয়া এগিয়ে যায় এবং তাকে ধরতে গিয়ে সেও একই সিঁড়ি থেকে পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচাতো চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। পানিতে নামার পর হঠাৎ তার পায়ে একটি শিশুর দেহ স্পর্শ লাগে। এতে তার সন্দেহ হলে তিনি পানির নিচ থেকে সামিয়ার অচেতন দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়ার দেহও উদ্ধার করা হয়। দুই বোনকে পানি থেকে তোলার পর স্থানীয়রা দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।একই বাড়ির শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের ৩ মেয়ের মধ্যে নিহত ২ মেয়ে বড় ছিল। ছোট মেয়ে মরিয়ম আক্তার(২)। নিহত ২ বোন বাড়ির পাশের “আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” সামিয়া তৃতীয় শ্রেণীতে এবং সানিয়া প্রথম শ্রেণীতে পড়াশোনা করত।এ ব্যাপারে শুক্রবার রাত সাড়ে ১০টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা. মনিরুজ্জামান জানান, বিষয়টি সাংবাদিকের কাছ থেকে শুনেছি। তবে ঘটনা সত্য, লাশ মাটিও দেয়া হয়ে গেছে। তার পরও বিষয়ে খোঁজ নিতে একজন এসআইকে দায়িত্ব দিয়েছি।