স্টাফ রিপোর্টার।।
বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের জন্য বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে হার্ট কেয়ার ফাউন্ডেশন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের হৃদরোগের ঝুঁকি নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাংবাদিকদের চিকিৎসাসেবা দেন।ক্যাম্পের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার প্রতি যথাযথ গুরুত্ব দিতে পারেন না উল্লেখ করে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে সাংবাদিকদের জন্য এ আয়োজন করা হয়েছে। হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে এ উদ্যোগ সহায়ক হবে।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডা. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, এম ফিরোজ মিয়া, ইনার হুইল ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা বেগম।
এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামালসহ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ক্যাম্পে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পাশাপাশি হৃদরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত