নিজস্ব সংবাদদাতা।।
ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি, তালবাহানা বা দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড করা হলে সরকার মারাত্মক ভুল করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।তিনি বলেছেন, শিক্ষার্থীরা যখন কোনো যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামে, তখন তাদের শক্তিকে উপেক্ষা করা কঠিন। ছাত্রসমাজ আন্দোলনে নামলে সরকারের মসনদে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানান তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন দাবি জানানো হয়েছে। প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রক্টর কার্যালয়ে আবেদনসহ নিয়মতান্ত্রিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত সিন্ডিকেটে কোনো ধরনের বাজেট অনুমোদন দেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, এসব কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে বিএনপি সরকার ছাত্র সংসদ নির্বাচন দিতে আগ্রহী নয়। তিনি দাবি করেন, বিএনপি অতীতেও দুই মেয়াদে ক্ষমতায় থাকাকালে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেনি।তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না। এমনকি দলটির অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চার ঘাটতি রয়েছে। তবে আমরা আশা করি, বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করবে এবং অতীতের সিদ্ধান্ত থেকে সরে এসে দেশের প্রতিটি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাযমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় কুমিল্লা শিল্পকলা একাডেমি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত