নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬: সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে অংশ নেওয়া হাজীদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হচ্ছে। বাড়িভাড়া কম হওয়া এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ কমানোর কারণে এ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনার মোট ৪ হাজার ৩৪১ জন হাজী চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা পর্যন্ত রিফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। হাজীদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এদিন আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজীর হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজে বিমানভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে প্রতারণা থেকে সতর্ক করে মন্ত্রণালয় জানিয়েছে, রিফান্ডের অর্থ দেওয়ার জন্য কোনো হাজীর কাছে ডেবিট/ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন/ওটিপি চাওয়া হবে না। এ ধরনের ফোনকল বা বার্তা পেলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত