নিজস্ব প্রতিবেদক।।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার শিল্পকলা একাডেমিতে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার ৩২ বছর পূর্তি। দীর্ঘ তিন দশকের পথচলা শেষে ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, কবি-সাহিত্যিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আনন্দঘন বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ঘোষণার দীর্ঘ পথচলা, সাংবাদিকতায় এর অবদান এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।বক্তারা বলেন, একটি সংবাদপত্রের জন্য ৩২ বছর ধরে টিকে থাকা শুধু সময়ের হিসাব নয়; এটি পাঠকের আস্থা, সাংবাদিকদের শ্রম এবং একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন। দৈনিক ঘোষণা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও নানা গুরুত্বপূর্ণ বিষয় সংবাদে তুলে ধরার চেষ্টা করে আসছে।
অনুষ্ঠানে দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দৈনিক ঘোষণাকে আরও পাঠকপ্রিয় ও শক্তিশালী গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক ও প্রতিনিধিরা প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।৩২ বছর পূর্তির এই আয়োজনে বক্তারা দৈনিক ঘোষণার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
আগামী দিনেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ঘোষণা পাঠকের আস্থা ধরে রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।উল্লেখ্য, ২০২৫ সালে দৈনিক ঘোষণার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রতিনিধি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছিল। এবার ৩২ বছর পূর্তি উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমিতে আরও বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত