হালিম সৈকত,তিতাস-দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী রাস্তা নেমে এসেছেন। আজ রোববার (৩১ মে) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গেলো ১১ মে তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়াকে পূর্বপরিকল্পিতভাবে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর তিতাস থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং এজাহারনামীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় লতিফ ভূঁইয়ার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় শতশত সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং অবিলম্বে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679