নিজস্ব প্রতিবেদক।।
"অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু: রেজা হাসান। তিনি তার বক্তব্যে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
"অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও একটি সমৃদ্ধ জীবন গঠনের পথকে প্রশস্ত করতে পারে।" উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।নুরুল ইসলাম পাটুয়ারী, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর।এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অটিজম বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং অভিভাবকরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা অটিজম বিষয়ে সামাজিক ট্যাবু ভেঙে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বিশেষ চাহিদা সম্পন্ন ১২ জন শিশুর মাঝে হুইলচেয়ার এবং একজনকে শ্রবণ সহায়ক যন্ত্র (হেয়ার মেশিন) বিতরণ করেন। উপকারভোগী পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679