বরুড়া প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত যুবক রাকিব হোসেন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত রাকিব হোসেন দেওড়া গ্রামের মিয়া বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে (শুক্রবার) একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাকিবের নিজ ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রাকিবকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জ/খ/ম করে ফেলে রেখে যায়। হামলার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন। রাকিবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত