চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে একই পরিবারের দুই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা থানা ঘেরাও ও সমাবেশ করে দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানান।রবিবার (৩ মে) চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বৈদ্দ্যেরখিল, গোমারবাড়িসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক তরুণ-যুবক অংশ নেন। বিক্ষোভকারীরা চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠ থেকে মিছিল শুরু করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মিছিল নিয়ে তারা চৌদ্দগ্রাম থানা ঘেরাও করেন। পরে পুলিশ দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা প্রাঙ্গণ ত্যাগ করে আবার মহাসড়কের ঢাকামুখী লেনে এসে চৌদ্দগ্রাম বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন ও বেলাল। বক্তারা অভিযোগ করে বলেন, নিহত মোহাম্মদ বশির ও মোহাম্মদ রাহাতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জানা যায়, গত ২১ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে রাজমিস্ত্রি মোহাম্মদ বশির গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।অন্যদিকে, স্কুলছাত্র মোহাম্মদ রাহাতকে পূর্ব শত্রুতার জেরে ২০২৩ সালের শেষ দিকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনিও ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনার পর মামলার তদন্ত নিয়ে পুলিশের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
ওসি বলেন, “কোনো প্রভাব বা পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না। মামলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত