স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহেশপুর অডিটরিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় এ প্রতিবাদ হয়।অনুষ্ঠান শুরুর পরপরই বিএনপি নেতাকর্মীরা মাঠ ছেড়ে চলে যান এবং অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। প্রাথমিকভাবে ঝাড়ুমিছিলের কর্মসূচি ঘোষণা করা হলেও পরে তা সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খানসহ অনেকে।ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতেই ইউএনও খাদিজা আক্তারকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বদলি করা হয়। চিঠিতে স্বাক্ষরের তারিখ ২৫ মার্চ দেখানো হলেও ইউএনও ২৬ মার্চ রাতে চিঠি হাতে পেয়েছেন বলে জানা গেছে।অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও খাদিজা আক্তার বলেন, “আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি।” তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে বর্তমানে যার নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে।এ ঘটনা ঝিনাইদহ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিএনপি নেতারা বলছেন, স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে। অন্যদিকে প্রশাসনিক সূত্র জানিয়েছে, বদলির সিদ্ধান্ত নিয়ম মেনে নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679