নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর সংরাইশ ১৬ নং সিটি কর্পোরেশন এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রভাবশালী মহল পুকুরটিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। ও বাঁশের বেড়া দিয়ে রাতের আধারে মাটি ভরাট করে। বিষয়টি নজরে আসলে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পুকুরটি এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দিয়ে ‘পুকুর ভরাট নিষিদ্ধ’ উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ জানান,অনুমোদন ছাড়া কোনো জলাশয় ভরাট করা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের প্রতিনিধি (তহসীলদার)ও কোতয়ালী থানার পুলিশ সাইনবোর্ড টাঙ্গাতে সহযোগিতা করেন বলে পরিবেশ অধিদপ্তরের কতৃপক্ষ জানান।এদিকে এলাকাবাসী পুকুরটি স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত নজরদারি না বাড়ালে আবারও পুকুর ভরাটের চেষ্টা হতে পারে।স্থানীয় সচেতন মহল বলছে, নগরায়নের চাপে কুমিল্লায় একের পর এক জলাশয় হারিয়ে যাচ্ছে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679