নিজস্ব প্রতিনিধি,কুমিল্লার খবর।।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে—এমন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের রয়েছে।
শুক্রবার (২০.০২.২০২৬ ইং) দুপুরে মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বাস্থ্য মন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে গিয়ে এবং রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।তিনি আরও জানান, নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন সেখানে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও তিনি ব্যক্ত করেন।
স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শুক্রবার সকালে তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।এসময় তিনি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, হাসপাতালগুলোর অবকাঠামো সম্প্রসারণ এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679