কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
দেশে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে এই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে বলেও সরকার পরিকল্পনা করছে।
সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ প্রদান করা হবে। এ ক্ষেত্রে হতদরিদ্র পরিবার এবং নারী সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে সবচেয়ে দরিদ্র পরিবারগুলো এ সুবিধা পাবে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যেও প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ডের ডিজাইন চূড়ান্ত করা, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্যভাণ্ডার সংযুক্ত করে ডিজিটাল তথ্যব্যবস্থা (এমআইএস) গড়ে তোলা এবং প্রাথমিক পর্যায়ে আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় কর্মসূচি চালুর সুপারিশ করা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679