স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে অবশেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তাকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। এ কারণে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। কিন্তু তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে অনুপস্থিত থেকেছেন। কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে যোগদান না করা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত।সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাশেদুল হক চৌধুরী জানান, শামীম কুদ্দুস ভূঁইয়া কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন আগে তিনি কুমিল্লা ত্যাগ করেছেন, বর্তমানে তিনি কোথায় আছেন— তা জানা নেই।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679